প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে চট্টগ্রাম-২ আসনে (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের রিটের বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ধার্য করা হয়েছে।
রিটের শুনানি নিয়ে মঙ্গলবার বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ আদেশের এই দিন ধার্য করে।
আদালতে রিটের পক্ষে আইনজীবী আহসানুল করিম ও মো. রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী নিজাম উদ্দিন। অপর প্রার্থী নুরুল আমিনের পক্ষে আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু ও আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির শুনানিতে ছিলেন।
এর আগে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল দায়ের করা হয়েছিল। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন অভিযোগটি করেছিলেন। শুনানি নিয়ে ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করলে তার প্রার্থিতা বাতিল হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে সারোয়ার আলমগীর সোমবার ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট করেন।
আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, রিটের শুনানি নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য করেছে। সারোয়ার আলমগীরের খেলাপি ঋণ নেই। ব্যাংকের চাহিদামতে তিনি ইতোমধ্যে প্রিমিয়ার লিজিংকে তিন কোটি টাকা পরিশোধ করেছেন। ঋণ পুনঃতফসিল হয়েছে।


