সদ্য পাস করা যুবকদের চাকরি দেওয়া সম্ভব না হলে বেকার ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে এক হাতে সার্টিফিকেট নিয়ে বের হবে আর অন্য হাতে চাকরি হবে। তা দেওয়া সম্ভব না হলে বেকার ভাতা দেওয়া হবে।’
শুক্রবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা স্বাধীনতা চত্বরে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘তরুন প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক’, এ শ্লোগানে সমাবেশের আয়োজন করা হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘আগামী নির্বাচনে একদিকে থাকবে চাঁদাবাজ, খুনী ও মাস্তানরা। আর অন্যদিকে থাকবে নতুন বাংলাদেশের ভোটাররা। যে দলের যিনি জনপ্রিয়, আলোচনা-সমঝোতায় মনোনীত করে তাকে ভোট দিতে হবে।’
আয়োজিত সমাবেশে, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহা. জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ আরও অনেকে।


