আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য প্রফেসর ড. আবু সাইয়িদ বিএনপিতে যোগ দিয়েছেন।
বুধবার বিকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
বিকালে বিএনপির ভ্যারিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
বিএনপিতে যোগ দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘চারিদিকে উগ্রবাদ যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে আমি মনে করি, এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি।’
পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন জানিয়ে হয়েছে তিনি বলেন, ‘নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকব।’
আবু সাইয়িদ মুক্তিযুদ্ধের সময় সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। ১৯৭২ সালে যে সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় তিনি ছিলেন তার কনিষ্ঠ সদস্য।
১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পাবনা-৮ আসন থেকে নির্বাচিত হন। আবু সাইয়িদ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।


