বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এক-এগারোর মতো ষড়যন্ত্র করে বিএনপিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, ‘৫ আগস্টের পর থেকে বিএনপির বিরুদ্ধে ভয়ংকর অপপ্রচার চালানো হচ্ছে। যে সময় আমরা সাংগঠনিক কার্যক্রম চালাব, ঠিক সেই সময় অনেকেই বিএনপিকে টার্গেট করে বসেছে। একে আমরা ওয়ান-ইলেভেনের তত্ত্বের সঙ্গে মেলাতে পারি।‘
সোমবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী আরও বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র থেমে নেই। দুর্গাপূজা ঘিরে নাশকতা ও অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করা হতে পারে।‘
এ সময়, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার জন্য দলীয় নেতাকর্মীদের পূজামণ্ডপে প্রহরীর ভূমিকা পালন করতে নির্দেশ দেন তিনি।
বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, ‘একসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন সরকারি কর্মকর্তাদের অন্তর্বর্তী সরকারের সময়েও ওএসডি (অফ সার্ভিস ডিউটি) করা হয়েছে।‘


