বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল রোজারিওর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
সোমবার আসামিকে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার এসআই মো. আ. ওয়াহাব।
শুনানি শেষে বিচারক এ কে এম মহিউদ্দিন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার এই মামলার আরেক আসামী মিঠু বিশ্বাসেরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। মিঠু বিশ্বাসকে সোহেল রোজারিওর সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ভুক্তভোগী শিক্ষার্থী সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। সেখানে সাভারের সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাসকে আসামি করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় ভুক্তভোগী ওই তরুণী সাভারে কাজ শেষে বাসায় ফিরে দরজায় তালা দেখতে পান। খোঁজ নিয়ে জানতে পারেন, তার মা বাসায় তালা দিয়ে পাশের এক চা দোকানির কাছে চাবি রেখে গেছেন। পরে তিনি ওই দোকান থেকে চাবি নিয়ে হেঁটে বাসায় ফিরছিলেন।
ফেরার পথে সোহেল রোজারিও ওই তরুণীকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। কিছুদূর যাওয়ার পর সোহেলের সঙ্গে অন্য দুই আসামির দেখা হয়। এরপর তারা ওই তরুণীকে অনুসরণ করতে থাকেন এবং বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকেন।
সন্ধ্যা সাতটার দিকে ভয়ভীতি দেখিয়ে নিজের বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় সহযোগিতা করেন অন্য দুই আসামি। ধর্ষণের পর সোহেল ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকিও দেন।


