বায়ান্ন, একাত্তর ও চব্বিশের চেতনা ধারণ করে এগিয়ে যেতে চান বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, ‘আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক। বায়ান্ন, একাত্তর ও চব্বিশকে ধারণ করে এগিয়ে যেতে চাই।’
শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, শিগগির ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। ইপিজেড ও বিমানবন্দর চালুকরণের কার্যক্রমও চলমান রয়েছে বলেও জানান তিনি।
শিগগির ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। সকলকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে জাতি গঠনে এগিয়ে যেতে হবে।’
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাকে সমর্থন জানিয়েছেন। আমি চিরঋণী। আপনাদের ঋণ কখনো শোধ করতে পারব না।’
তিনি জানান, কৃষকদের ১০ হাজার টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদউজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।


