দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
শনিবার বৃষ্টিস্নাত সকালে উৎসবমুখর পরিবেশে ঢাকার বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল ৭টায়।

এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। জামাত শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।
খুব সকালের এই জামাতে অংশ নিতে বেশ আগে থেকেই ঢাকার বিভিন্ন স্থানের মানুষ জড়ো হতে থাকেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় মসজিদ।
নামাজ শেষে একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন, শুভেচ্ছা বিনিময় করেন।


