বান্দরবানের ব্যবসায়ী আজিজ খলিফা হত্যা মামলার প্রধান অভিযুক্ত উদয়ন ধরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার ১৮ দিন পর সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ২১ মে রাতে কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারের আজিজ খলিফাকে অপহরণ করা হয়।
স্থানীয় সুত্র জানায়, অপহরণের পর আজিজ খলিফা আত্মীয়-স্বজনদের কাছে পাঠানো অডিও বার্তায় বাইশারী বাজারের কাপড় ব্যবসায়ী উদয়ন ধরের নাম উল্লেখ করে নিজের জীবনের শঙ্কার কথা জানান।
পরিবারের অভিযোগ, অপহরণের পর আজিজ খলিফার ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। পরে অপহরণকারীরা তাকে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ রেলস্টেশন এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে মুমুর্ষু অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহতের পরিবার হত্যা মামলা করে। এই মামলায় উদয়ন ধরকে প্রধান আসামি করা হয়। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক জানান , মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদেরও আইনের আওতায় আনার জন্য অভিযান চলছে।


