জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, শুধু বাজেট পাস করলেই হবে না, একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নেও সরকারকে উদ্যোগী হতে হবে। জনগণ যেমন ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে, তেমনি সংবিধান সংস্কার পরিষদ গঠনের পক্ষেও স্পষ্ট জনরায় রয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন অভিযোগ করেন, সরকার এখনো প্রয়োজনীয় সংস্কারের পক্ষে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। একই সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন এবং স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের প্রশ্নে জনগণের প্রত্যাশা স্পষ্ট। কিন্তু সরকার সে প্রত্যাশা পূরণে এগিয়ে না এসে বিষয়গুলোকে উপেক্ষা করছে। এতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে।
বাজেট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট একটি বিপুল ঘাটতির এবং ঋণনির্ভর বাজেট। এমন বাজেট দীর্ঘমেয়াদে অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তার মতে, জনগণের প্রত্যাশা পূরণে শুধু ব্যয়ের হিসাব নয়, রাষ্ট্র সংস্কার, জবাবদিহি এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার দিকেও সরকারকে সমান গুরুত্ব দিতে হবে। অন্যথায় বাজেট পাস হলেও কাঙ্ক্ষিত রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন অর্জন করা সম্ভব হবে না।


