বাগেরহাটে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ প্রতিরোধে পৌরসভায় থাকা বেওয়ারিশ কুকুরদের জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান (ভ্যাকসিন) কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাগেরহাট পৌরসভা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, শহরে কুকুরের সংখ্যা বৃদ্ধি এবং জলাতঙ্কের মতো প্রাণঘাতী রোগের ঝুঁকি কমাতে এ টিকাদান কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন স্থানে থাকা কুকুরকে ভ্যাকসিন দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য ফেনি থেকে ‘ডগ এক্সপার্ট টিম’ এর সদস্যদের সাথৈ চুক্তি করা হয়েছে।
পৌর শহরের বেওয়ারিশ কুকুরের পাশাপাশি গৃহস্থলী যেসব কুকুর রয়েছে, সেগুলোকেও জলাতঙ্কের টিকা দেওয়া হবে। এর ফলে কুকুরে কামড়ালেও, মানুষ জলাতঙ্ক আক্রন্ত হওয়ার ঝুঁকি কমবে বলে জানান পৌর কর্তৃপক্ষ।
টিকা কার্যক্রমে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মেজবাহ উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুম, ভ্যাকসিনেশন বিশেষজ্ঞ ডগ এক্সপার্ট টিমের সদস্য সায়মনসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গত ৩ মাসে বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে অন্তত ৭ হাজার ৫০০ মানুষ জলাতঙ্ক রোগের টিকা নিয়েছেন।


