বাগেরহাটের সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জামসহ করিম শরীফ বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
আটক ব্যক্তির নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি সুন্দরবনের দস্যু করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য বলে দাবি করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় কোস্ট গার্ড পশ্চিম জোন, মোংলা ও বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের আমুরবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন ড্রেনের খাল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আল-আমিন বাচ্চু হাওলাদারকে আটক করে।
অভিযানে তার কাছ থেকে চারটি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, সাত রাউন্ড এয়ারগানের গুলি, একটি টেলিস্কোপ, একটি সোলার প্যানেল, একটি ব্যাটারি, একটি ওয়াকিটকি চার্জার, শিংসহ একটি হরিণের মাথা, তিন কার্টন সিগারেট, দুই বস্তা চাল এবং একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় সুন্দরবনের অভ্যন্তরে করিম শরীফ বাহিনীর ব্যবহৃত একটি আস্তানাও ধ্বংস করা হয়েছে।
এ ছাড়া মোরেলগঞ্জ উপজেলার পি.সি. বাড়ইখালী এলাকায় আল-আমিনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।


