বাউল আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা, ঠাকুরগাঁওসহ বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচীতে ‘তৌহিদী জনতা’র হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)।
খুলনায় গণতান্ত্রিক ছাত্র জোটের এবং ঠাকুরগাঁওয়ে বাউলদের কর্মসূচীতে হামলার প্রতিবাদ জানিয়ে দলটি বুধবার এক বিবৃতি প্রকাশ করে।
এতে বাসদের (মার্কসবাদী) নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা বলেন, ‘বাউল আবুল সরকারকে অন্যায়ভাব গ্রেপ্তারের প্রতিবাদ করছে বাউল-সূফীসহ সারাদেশের গণতান্ত্রিক মানুষ। প্রতিবাদ বা মত প্রকাশ করা মানুষের গণতান্ত্রিক অধিকার। অথচ আমরা দেখছি দেশের বিভিন্ন জায়গায় এসকল প্রতিবাদ কর্মসূচীতে তৌহিদী জনতার নামে আক্রমণ করা হচ্ছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এ ধরনের হামলা অনাকাঙ্ক্ষিত এবং স্পষ্টত ফ্যাসিবাদী লক্ষণ। কিন্তু ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে অবস্থান ঘোষণা করা বর্তমান অন্তর্বর্তী সরকার এ সকল হামলা বন্ধ করতে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। সরকারের এই মনোভাব হামলাকারীদের আরও প্রশ্রয় দিচ্ছে।’
মাসুদ রানা আশঙ্কা প্রকাশ করে বলেন, এ ধরনের আক্রমণ প্রতিহত করতে না পারলে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণ বাধাগ্রস্ত হবে।
বিবৃতিতে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং ও বিচারের দাবি জানানো হয়।


