ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে ও মুসলমানদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে সবাইকে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এ আহবান জানান তিনি।
এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপি মহাসচিব।
মন্ত্রী বলেন, ‘আমরা বড়মাঠে নামাজ পড়েছি। দেশের মানুষ ও সারাবিশ্বের মুসলমানরা আজকে ঈদুল আজহা পালন করেছেন। কোরবানি কোন হত্যা না এটা সত্যাগ্রহ সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা ইবাদাত। আমরা এটি সবাই পালন করি।’
‘আজকের এই দিনে দেশের মানুষের কাছে আমার আবেদন- আসুন সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান যেন ভালো থাকেন, শান্তিতে থাকেন, যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে যাতে ক্ষতি না হয় এই দোয়া করি’, যোগ করেন মির্জা ফখরুল।


