বাংলা একাডেমি পরিচালিত আটটি পুরস্কারের জন্য এ বছর মোট নয়জন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার এসব পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আগামী ২৭ ডিসেম্বর বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা থেকে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বছর সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার পেয়েছেন অধ্যাপক মনসুর মুসা। ভাষাভিত্তিক গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার পেয়েছেন খসরু চৌধুরী। প্রকৃতি ও বিজ্ঞানচর্চায় তার সামগ্রিক অবদানের মূল্যায়নে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ পুরস্কারের অর্থমূল্যও ১ লাখ টাকা।
মযহারুল ইসলাম কবিতা পুরস্কার পেয়েছেন সানাউল হক খান। বাংলা কবিতায় সামগ্রিক অবদানের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর অর্থমূল্য ১ লাখ টাকা।
সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন হাফিজ রশিদ খান। বিভিন্ন নৃগোষ্ঠীর জীবন ও সাহিত্য নিয়ে গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান। অভিনয় নাট্য নির্দেশনা ও নাট্যসংগঠক হিসেবে দীর্ঘদিনের সামগ্রিক অবদানের জন্য তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।
আবু রুশ্দ সাহিত্য পুরস্কার পেয়েছেন শিবব্রত বর্মন। অনুবাদ সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে। এর অর্থমূল্য ১ লাখ টাকা।
হালীমা শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার পেয়েছেন সফিক ইসলাম। গণিতকে সহজ ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য তার লেখা গ্রন্থ গণিতের রাজ্যে আনন্দভ্রমণের জন্য তাকে এ পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা।
এ বছর রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য সুব্রত বড়ুয়াকে ২ লাখ টাকা অর্থমূল্যের পুরস্কার দেওয়া হয়েছে।
পাশাপাশি অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৪ সালে প্রকাশিত সিসিফাস শ্রম গল্পগ্রন্থের জন্য রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫ পেয়েছেন আনিসুর রহমান। এই পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।


