নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যৌথ আয়োজক ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভেন্যু ভারতের বাইরে সরিয়ে নিতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে দুই দফায় চিঠি চালাচালি, বৈঠকের পরও বদলায়নি এই সিদ্ধান্ত।
সর্বশেষ বৈঠকের পর জানা গিয়েছিল বুধবারের মধ্যে নির্ধারিত হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যত। তবে এর মধ্যেই নতুন খবর দিল ক্রিকইনফো, বাংলাদেশের ভারতে যেতে না চাওয়ার সিদ্ধান্ত সমর্থন করে আইসিসিতে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদন ক্রিকেট বিষয়ক এই ওয়েবসাইটটি জানায়, প্রতিবেশী অঞ্চলের রাজনৈতিক অস্থিরতা চলাকালীন বিসিবির ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করছে পিসিবি। একই চিঠির প্রতিলিপি আইসিসির অন্যান্য সদস্যদেরও পিসিবি পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে ক্রিকইনফো।
আইসিসির প্রতিনিধি দলের সঙ্গে সর্বশেষ বৈঠকেও ভেন্যু সরিয়ে ভারতের বাইরে নিয়ে যাওয়ার অনুরোধ করেছে বিসিবি। তখন চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, বুধবার বোর্ড সভা ডেকেছে আইসিসি। এই সভার পরই চুড়ান্ত হয়ে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যত। যদিও সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসার সম্ভাবনা নেই বললেই চলে। টুর্নামেন্টের তিন সপ্তাহেরও কম সময়ে নতুন করে সূচি সাজানো, ভেন্যু সরানো, বাকি বোর্ডগুলোকে রাজি করানোর ঝক্কি নেহায়েত কম নয় বলেই আইসিসি সেই পথে হাঁটতে চাচ্ছে না।
এদিকে নিরাপত্তা শঙ্কার প্রশ্ন তোলা বাংলাদেশের অবস্থানও যৌক্তিক। মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতা নাইট রাইডার্স থেকে সরিয়ে দেয়ার পরই উঠেছিল যে প্রশ্ন। সেটা অতীত হলেও ছিল সকল অস্থিরতার কেন্দ্রবিন্দু। অবশ্য এখন পরিস্থিতি বিসিবির হাতে নেই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় বাংলাদেশ সরকারও এখানে যুক্ত হয়েছে। আইসিসিও সূচি কিংবা গ্রুপ অদলবদল অথবা বাংলাদেশকে শ্রীলংকায় খেলতে দিতে রাজি নয়।


