বাংলাদেশের হকি জগতের কিংবদন্তি আব্দুস সাদেক মারা গেছেন। শনিবার সকালে ঢাকার গুলশানের কনটিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গত এক বছর ধরেই নানা শারীরিক অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন আব্দুস সাদেক। শনিবার আসরের নামাজের পর বসুন্ধরার আই ব্লকের বাইতুস সোবহান মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। রোববার সকাল সাড়ে ১০টায় বনানী ডিওএইচএস মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৯৭৮ সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান গেমসে প্রথমবার অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় হকি দলের অধিনায়ক ছিলেন আব্দুস সাদেক। এর আগে ১৯৬৪ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি পূর্ব পাকিস্তান হকি দলের প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তীতে পাকিস্তান জাতীয় দলেও জায়গা করে নেন। ১৯৬৯ সালে পাকিস্তান দলের হয়ে ইউরোপ সফর করেছিলেন তিনি। দক্ষিণ এশিয়ার খুব কম ক্রীড়াবিদই হকি ও ফুটবলের মতো দুটি ভিন্ন খেলায় তার মতো সমান পারদর্শিতা দেখাতে পেরেছেন।
১৯৭২ সালে শেখ কামাল নবগঠিত আবাহনী ক্রীড়া চক্রের প্রথম ফুটবল অধিনায়ক হিসেবে আবদুস সাদেককে দায়িত্ব দেন। শুধু ফুটবলই নয়, আবাহনীর হকি দলেরও অধিনায়ক ছিলেন তিনি। তার নেতৃত্বেই টানা লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি।
খেলোয়ার জীবন শেষে তিনি ক্রীড়া সংগঠক ও প্রশাসক হিসেবে যুক্ত হন। ১৯৮২ থেকে ১৯৮৪ এবং ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত—দুই মেয়াদে তিনি বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মেয়াদকালেই দেশের ঘরোয়া হকির ভেন্যুগুলোতে ফ্লাডলাইট এবং ইলেকট্রনিক স্কোরবোর্ড বসানো হয়েছিল।
ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে তাকে জাতীয় ক্রীড়া পুরস্কার দেয় সরকার। এরপর ২০২৩ সালে ‘শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ আজীবন সম্মাননা পুরস্কারও’ অর্জন করেন তিনি।
কিংবদন্তি এই ক্রীড়াবিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।


