বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার উপস্থিত ছিলেন।
এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তার সুবিধাজনক সময়ে মালয়েশিয়া সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন।
বৈঠকের শুরুতেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রাম এবং দেশটির চলমান অর্থনৈতিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন।
সফররত উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর থেকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত শুভেচ্ছা জানান এবং তার একটি বিশেষ পত্র হস্তান্তর করেন।
দুই দেশের শ্রমবাজার ও কর্মী নিয়োগ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শোষণ রোধ এবং একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও দক্ষ নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করতে উভয় দেশ দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পরিধি বাড়াতে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে উভয় দেশই পারস্পরিক সুবিধা অর্জনে আগ্রহ প্রকাশ করেছে।
শিক্ষা খাতে বিশেষ করে শিক্ষক বিনিময় এবং একাডেমিক সমন্বয়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও গভীর করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে উভয় পক্ষই বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের গতিপ্রকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে এই সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন।


