লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর রাজিব হোসেন নামে অটোরিকশা চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এক লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়েছে বলে দাবি পরিবারের।
শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ক্যাম্পেরহাট এলাকার একটি বাগান থেকে রাজিবের মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮ টার পর রাজিব নিখোঁজ হন। বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়। এরমধ্যে রাজিবের অটোরিকশাটি উপজেলার উদমারা এলাকা থেকে উদ্ধার করা হয়।
নিখোঁজের প্রায় ১৫ ঘন্টা পর ক্যাম্পেরহাট এলাকার একটি বাগানে রাজিবের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ সেখান থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবার জানায়, একটি নম্বর থেকে কল দিয়ে রাজিবকে অপহরণ করা হয়েছে বলে দাবি করা হয়। অপহরণকারীরা তাকে ছেড়ে দিতে এক লাখ টাকা মুক্তিপণ চায়। ওই টাকা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করার দাবি জানায় রাজিবের পরিবার।
হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনিচার্জ বেলায়েত হোসেন বলেন, ‘নিখোঁজের পর রাজিবের অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে তখনো তাকে পাওয়া যায়নি। শনিবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’


