ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ‘এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া’ শীর্ষক একটি কর্মশালা সোমবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য মোহাম্মদ জয়নাল আবেদীন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে উপাচার্য তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ ওয়াশিংটন অ্যাকর্ডের গর্বিত সাক্ষরকারী হওয়ায় দেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতির পথ এখন অনেক সুগম হয়েছে। এর ফলে অ্যাকর্ডভুক্ত দেশগুলোতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কাজের ব্যাপক সুযোগ তৈরি হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, গ্লোবাল ভিলেজের এই সুযোগ কাজে লাগাতে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টুলসের ব্যবহার বর্তমানে অনস্বীকার্য। ডুয়েটের বিভিন্ন বিভাগ যাতে দ্রুত এই আন্তর্জাতিক স্বীকৃতি পায়, সেজন্য সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।
উপাচার্য আরও বলেন, এআই এবং মেশিন লার্নিং বর্তমান শিক্ষাব্যবস্থায় সিও-পিও (কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম) ম্যাপিং বাস্তবায়নকে অনেক সহজ করে দিয়েছে। কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ডুয়েটকে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে বিশ্বমানের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করছে।
এ লক্ষ্যে তিনি দেশি-বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবোরেশন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং আইকিউএসিকে এমন সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানান।
আইকিউএসির পরিচালক মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল।
এ ছাড়া বিডিআরইএন-এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন এবং ইনোভেশন সেলের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ তাদের কারিগরি অভিজ্ঞতা বিনিময় করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম। কর্মশালাটিতে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, বিভাগীয় প্রধান, আন্ডারগ্র্যাজুয়েট কোর্স কো-অর্ডিনেটর এবং ডিগ্রি প্রদানকারী বিভাগসমূহের প্রোগ্রাম সেল্ফ অ্যাসেসমেন্ট কমিটির সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বক্তারা একমত পোষণ করেন, কেবল অ্যাকাডেমিক রেজাল্ট ওরিয়েন্টেড পদ্ধতির বদলে বর্তমানে বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী আউটকাম বেইজড শিক্ষা পদ্ধতিই এখন সময়ের দাবি।


