গাইবান্ধার সাঘাটায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বোনারপাড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মহাসিন আলী (৩৫)। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের বুড়িরভিটা ক্রোড়লগাছা গ্রামের আহম্মেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় ওই স্টেশন থেকে একটু দূরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়েন মহাসিন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নিহতের চাচাতো ভাই সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, ‘মহাসিন মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
বোনারপাড়া রেলওয়ে থানার তদন্তকারী কর্মকর্তা এসআই লুৎফর রহমান বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। তাই আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


