ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসীদের পাঠানো পোস্টাল ব্যালট দেশে পৌঁছাতে শুরু করেছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোটাধিকার–সংক্রান্ত রায় বুঝে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সকাল পর্যন্ত সাড়ে ২১ হাজারের বেশি প্রবাসীর পাঠানো পোস্টাল ব্যালট বাংলাদেশে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট ২১ হাজার ৫০৮টি পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মোট সাত লাখ ৬৬ হাজার ৮৬২ জন প্রবাসীর কাছে ব্যালট পাঠানো হয়েছিল।
এর মধ্যে সবশেষ হিসাব অনুযায়ী, চার লাখ ৯৩ হাজার ৯২০ জন প্রবাসী ব্যালট গ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন চার লাখ ২৫ হাজার ৭৮৮ জন। ভোট দেওয়া শেষে সংশ্লিষ্ট দেশের ডাকঘরে ব্যালট জমা দিয়েছেন তিন লাখ ৭০ হাজার ৩২২ জন।
ব্যালট পেপার হাতে পাওয়ার পর দ্রুত ভোট দিয়ে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসীদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।
নিয়ম অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পর প্রাপ্ত কোনো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত করা হবে না।


