কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের দুটি মার্কেটে আগুনের ঘটনায় ১০৫ জন ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাজারে গরু জবাইয়ের প্রস্তুতির সময় কাপড়পট্টির একটি দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর চেষ্টা এবং কিছু মালামাল সরিয়ে নেওয়ার উদ্যোগ নিলেও মুহূর্তের মধ্যে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে কেউ কাছে যেতে পারেননি।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে ‘স্বপ্ন ছোঁয়া ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী মার্কেট’ ও ‘চেয়ারম্যান মার্কেট’-এর ৮৫টি কাপড়ের দোকান, জাকের পার্টির উপজেলা কার্যালয়, ১৫টি ফল, জুতা, কসমেটিকস ও বইয়ের দোকান এবং পাঁচটি ভ্রাম্যমাণ নার্সারি পুড়ে পুরোপুরি পুড়ে গেছে
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী টুটুল মিয়া, আবুল বাশার, আলিম হোসেন, মিলন ও সাইফুর রহমান বলেন, খবর পেয়ে দোকানে এসে তারা দেখেন আসবাবপত্র ও মালামালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসার আয়ের ওপরই তাদের পরিবারের জীবিকা নির্ভর করত। আগুনে সব হারিয়ে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খলিলুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত করা যাবে।
ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি টুটুল মিয়া বলেন, বাজারের অধিকাংশ ব্যবসায়ী ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করেন। আগুনে তাদের পুঁজি ধ্বংস হয়ে যাওয়ায় অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা কামনা করেন।
অগ্নিকাণ্ডের পর উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেবনাথ জানান, প্রাথমিকভাবে দুটি মার্কেটের ১০৫টি দোকান পুড়ে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুনর্বাসনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


