যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
রোববার বিকালে জাতীয় সংসদ ভবনে শিক্ষামন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার সাক্ষাৎ করতে গেলে তিনি এ অনুরোধ জানান।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ সময় বিশেষ দূত বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বাল্যবিবাহ, শিশু নির্যাতন ও পুষ্টিহীনতার মতো সমস্যা রয়েছে এবং এসব সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও ‘স্কুল মিল’, শিশু স্বাস্থ্যসেবা ও অন্যান্য সামাজিক খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, সারা দেশে ‘মিড ডে মিল’ চালু, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান এবং খেলার মাঠ নিশ্চিত করার উদ্যোগ রয়েছে। পাশাপাশি শিক্ষাকে আধুনিক ও আনন্দময় করতে কারিগরি শিক্ষার প্রসার এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও কৃষি শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ইংরেজি শিক্ষার উন্নয়নে প্রশিক্ষণ সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বাংলাদেশের শিক্ষা খাতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৈঠকে দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক খাতে সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপের প্রশংসা করে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা ও প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


