বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর আহ্বান

বাংলাদেশি কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণে পাঠানোর আহ্বান
সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সৌজন্য
Advertisement
Advertisement

বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য ভারতে পাঠানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ভারতের হাইকমিশনার দুই দেশের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর গুরুত্ব দেন। দুই দেশের জনগণের স্বার্থে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার কথাও উল্লেখ করেন তিনি। পারস্পরিক স্বার্থে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

আরও পড়ুন

বৈঠকে মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ।

তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো এবং গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কের পরিবর্তে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন।

বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতের শুরুতে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী উপদেষ্টাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর