ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও স্বল্প দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য আবার ভিসা সুবিধা চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন।
বাহরাইনে অনুষ্ঠিত ২১তম মানামা সংলাপের ফাঁকে দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এ সময় দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসা ফের চালুর অনুরোধ জানান তিনি।
রোববার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
২০১৮ সালের ৫ আগস্ট বাহরাইনের মোহাররক এলাকায় সিদা মসজিদের বাংলাদেশি মুয়াজ্জিন কামাল উদ্দিন বাহরাইনি ইমাম আবদুল জলিল হামদকে হত্যা করেন। এ ঘটনার পর বাংলাদেশের শ্রমবাজার বন্ধের সিদ্ধান্ত নেয় দেশটির সরকার। ফলে গত সাত বছর ধরে বাহরাইনে যেতে পারছেন না বাংলাদেশিরা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সেই সঙ্গে কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘ফ্যামিলি ভিসা’র বিষয়টিও বিবেচনার অনুরোধ জানান পররাষ্ট্র উপদেষ্টা।
বাহরাইনের অর্থনীতিতে বাংলাদেশিদের অবদানের প্রশংসা করে বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সুবিধা আবার চালু করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
বৈঠকে দুই দেশের দণ্ডপ্রাপ্ত আসামিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা ২১তম মানামা সংলাপের অধিবেশনের সঙ্গে আরও কিছু বৈঠকে অংশ নেবেন। এসব বৈঠকে বিশ্ব নেতাদের পাশাপাশি বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকদের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হবে।


