চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার প্রায় চার ঘণ্টা পর উদ্ধার হওয়া তিন বছরের শিশু মিছবাহকে বাঁচানো যায়নি।
বুধবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় বলে নিশ্চিত করেছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।
এর আগে ৮টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করেন। শিশুটি বিকাল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে গভীর নলকূপের জন্য খুঁড়ে রাখা গর্তে পড়ে যায়।
ওসি জানান, উদ্ধার করা শিশুটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে তার ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তবে কিছুক্ষণ পরই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কীভাবে শিশুটি নলকূপের গর্তে পড়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি। নলকূপটির প্রকৃত গভীরতা সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম জানিয়েছেন, নলকূপের গর্তে আনুমানিক ১২ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছিল। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করেন তারা। পরে সাত আটটার পরে তাকে উদ্ধার করা সম্ভব হয়। তবে সেসময় শিশুটির অবস্থা আশঙ্কাজনক ছিল।


