বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল উৎসব উদযাপিত হয়েছে। দোল উৎসব উপলক্ষে আবির খেলায় মেতে ওঠেন তরুণ-তরুণীরা । বরিশাল নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া-মহল্লায় চলে দোল উৎসব।
বুধবার সকালে আবিরের রঙ্গে রঙ্গিন হয়ে উঠেছে বরিশালের শ্রী শ্রী শংকর মঠ মন্দির প্রাঙ্গণ। দোল উপলক্ষে আবিরের রঙে রাঙিয়ে রঙ খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মের তরুণ-তরুণীসহ নানা বয়সের নারী পুরুষ।
প্রতি বছরের ন্যায় এ বছরেও সকালে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ বছরও বরিশালে সবচেয়ে বড় পরিসরে এ উৎসবের আয়োজন করে শংকর মঠ পূজা উদযাপন কমিটি । সকাল সোয়া ৭টায় শিব পূজার মধ্য দিয়ে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরেই আবির খেলায় মাতেন তরুণ-তরুণীরা। এতে প্রায় ২ হাজার তরুণ-তরুণী অংশ নেন। পুরো মন্দির প্রাঙ্গণ ছিল রঙিন। দোল উৎসবের এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি আগতরা।
দোল উৎসব উপলক্ষে মন্দির প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে ছিল ডিজে পার্টি। ডিজের তালে তালে নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন তরুন তরুণীরা। দোল উৎসবে নানা রঙ্গে সাজিয়ে তোলেন নিজেদের। আগামীতে যাতে আরও বড় পরিসরে দোল উৎসবের এই আয়োজন করা হয় এমন প্রত্যশা সবার।
দোল উৎসবে অংশগ্রহণকারীরা জানান, ‘সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাঁধা দেবী এই দোলপূর্ণিমার দিনে রং খেলায় মেতেছিলেন। এই দিনে তাই তারা দোল উৎসব পালন করে আসছে।
এ বিষয়ে শ্রী শ্রী শংকর মঠ দোল উৎসব উদযাপন কমিটির সভাপতি তন্ময় দাস তপু বলেন, ‘বিগত ৩ বছর ধরে শ্রী শ্রী শংকর মঠ পূজা উদযাপন কমিটির উদ্যোগে এই দোল উৎসবের আয়োজন করা হচ্ছে। আর এতে এ বছর রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রায় দের হাজার মানুষের সমাগম ঘটেছে। আগামীতে আরও বড় পরিসরে এর আয়োজন করা হবে।’


