বরগুনার বেতাগী পৌর শহর ও আশপাশের কয়েকটি গ্রামে শনিবার গভীর রাতে ডাকাত আসার গুজব ছড়িয়ে পড়ায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। রাত ১২টার পর বিভিন্ন এলাকায় মসজিদের মাইক থেকে বাসিন্দাদের সতর্ক করে মাইকিং করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগ আরও বাড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে কয়েকটি এলাকায় অপরিচিত ব্যক্তিদের ঘোরাফেরা করতে দেখা যায়। কোথাও কোথাও বাড়ির গেট ও টিনের বেড়া নাড়িয়ে দেখার অভিযোগও ওঠে। এসব ঘটনার পর থেকেই ডাকাত ঢোকার গুজব ছড়িয়ে পড়ে।
আতঙ্কের মধ্যে পৌর শহরের কলেজ রোড, বাসস্ট্যান্ড এলাকা ও কয়েকটি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী টহল দল গঠন করা হয়। স্থানীয়রা বাঁশি, লাঠি ও টর্চলাইট নিয়ে বিভিন্ন সড়ক ও গলিতে রাতভর পাহারা দেন। বিশেষ করে গভীর রাতে অচেনা কাউকে দেখলে দ্রুত স্থানীয়দের জানাতে বলা হয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা যৌথভাবে টহল জোরদার করেছেন। বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ নৌবাহিনীর বেতাগী শাখার কন্টিনজেন্ট সদস্যরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল ইসলাম জানান, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং থানা পুলিশের টহল বাড়ানো হয়েছে। তিনি গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি।


