বরগুনায় পল্লী বিদ্যুত সমিতির খেজুরতলা গ্রিড সাবস্টেশনে আগুনের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বরগুনা সদর উপজেলার ৬৭ হাজার গ্রাহক।
সোমবার রাতে এই ঘটনা ঘটে। এতে স্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস জানায়, সদর উপজেলার খেজুরতলা এলাকার গ্রিড সাবস্টেশনে রাত সাড়ে ১০টার দিকে একটি বিকট শব্দ হয়। এর পরপরই স্টেশনটির ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়।
আগুনের স্থায়িত্ব মাত্র ১ মিনিটের একটু বেশি ছিল। কিন্তু এতেই স্টেশনের ভেতরে থাকা অন্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ পুড়ে যাওয়াসহ কিছু যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় বড় কোনো দুর্ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০ ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। খেজুরতলা এলাকার বাসিন্দা জসিম উদ্দিন বলেন, কাল রাত থেকেই বিদ্যুৎ নেই। আমার মেয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। পড়ালেখার ক্ষতি হয়ে যাচ্ছে।
লাকুরতলা এলাকার রিজভী হাওলাদার বলেন, অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ পাইনি। তীব্র গরমে দুর্বিষহ জীবন কাটছে আমাদের।
এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নাজমুল হাসান জানান, সাবস্টেশনের ১১ কেভি এসিআর বিস্ফোরণ হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। আমরা মেরামত কাজ শুরু করেছি। তবে, যে যন্ত্রাংশগুলো পুড়ে গেছে তার বেশিরভাগই পটুয়াখালীতে নেই। তাই ঢাকা থেকে নিয়ে আসার চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, মেরামত কাজের পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানেও কাজ করা হচ্ছে।


