রাজধানীর বনশ্রীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেহেরা খাতুন (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানসহ চালককে আটক করা হয়েছে।
রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক(এসআই) অনাথ চন্দ্র পাল জানান, মেহেরা খাতুন বনশ্রী এলাকায় ভিক্ষা করতেন। রাতে বনশ্রী এডভান্স হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে, গুরুতর আহত হন তিনি। এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে মাঝ রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অনাথ চন্দ্র পাল আরও জানান, নিহতের স্বামীর নাম আলতাফ হোসেন। তার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি পরিবার নিয়ে মেরাদিয়া মধ্য পাড়ায় থাকেন।


