শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের গ্রুপ পর্বের সব ম্যাচ। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে প্লে অফ রাউন্ড। চূড়ান্ত হয়েছে প্লে অফের লাইন আপও। কিন্তু আগামী ২৩ জানুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালের সময় বদল করা হয়েছে আনুষ্ঠানিক ঘোষণায়।
পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী ফাইনাল শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৭টায়। কিন্তু রোবরার রাতে এক ঘোষণায় বিসিবি জানায়, সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। ফাইনাল শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনার ব্যাখায় বিসিবি জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়েছে তারা।
এর সাথে প্লে অফের তিন ম্যাচের জন্য বরাদ্দ করা রিজার্ড ডে-ও বাতিল করেছে বিসিবি। রিজার্ভ ডে থাকছে কেবল ফাইনালের জন্য। অর্থাৎ কোনো কারণে ২৩ জানুয়ারি ফাইনাল মাঠে না গড়ালে পরদিন শনিবার হবে ম্যাচ। হিসেবে।
২০ জানুয়ারি প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস। এর আগে একইদিনে দুপুর ১টায় এলিমিনেটরে খেলবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। ২১ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে বিজয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। এই ম্যাচের জয়ী দল ২৩ জানুয়ারি ফাইনাল খেলবে প্রথম কোয়ালিফায়ার জেতা দলের সঙ্গে।


