বগুড়া সিটি করপোরেশন এবং নতুন পাঁচটি উপজেলা গঠনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন সিদ্ধান্তের ফলে বর্তমানে দেশে সিটি করপোরেশনের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩টিতে। নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’।
এই পাঁচটি উপজেলাসহ দেশে এখন মোট উপজেলার সংখ্যা দাঁড়াল ৫০০টিতে।
বর্তমানে দেশে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ময়মনসিংহ নামে ১২টি সিটি করপোরেশন রয়েছে। সর্বশেষ সংযোজন হিসেবে বগুড়া হলো দেশের ১৩তম সিটি করপোরেশন।


