বগুড়া অন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের আসরে ‘মিথ্যে কথার শহরে’। আনন্দ কুটুম পরিচালিত ছবিটির ইংরেজি নাম The City of Lie। রোমান্টিক সাইকোলজিক্যাল মিস্ট্রি জনরার এই সিনেমাটি শনিবার (১০ জানুয়ারি) বিকাল ৫টায় বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে।
ভারতের কলকাতা শহরে শুটিং হওয়া ছবিটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত । এতে দুই বাংলার সংস্কৃতি, অনুভব ও নগরজীবনের ভেতরকার সম্পর্ককে এক সূক্ষ্ম ও সংবেদনশীল ভাষায় তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক।
চলচ্চিত্রের গল্প আবর্তিত হয়েছে, একজন বাংলাদেশি তরুণ ফটোগ্রাফারকে ঘিরে। ভ্রমণের টানে সে কোলকাতায় আসে—একজন পর্যবেক্ষক ও ট্রাভেলার হিসেবে। ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে শহর ও মানুষকে দেখতে দেখতেই সে প্রেমে পড়ে এক রহস্যময় নারীর। তবে এই প্রেম কেবল আবেগের নয়, বরং এক ধরনের অনুসন্ধান। ভালোবাসার সূত্র ধরে সে ধীরে ধীরে পৌঁছে যায় এমন এক বাস্তবতায়, যেখানে কল্পনা ও সত্যের সীমারেখা ক্রমশ অস্পষ্ট হয়ে ওঠে। মেয়েটিকে খুঁজে পাওয়ার পর ঘটে এমন এক অদ্ভুত ঘটনা, যা দর্শককে মানসিক দ্বন্দ্ব ও রহস্যের গভীরে নিয়ে যায়।
নির্মাতার ভাষায়, চলচ্চিত্রটির অন্যতম বৈশিষ্ট্য এর দৃষ্টিভঙ্গি। পুরো গল্প বলা হয়েছে একজন ট্রাভেলারের চোখ দিয়ে—যেখানে শহর নিজেই একটি চরিত্র। কলকাতা এখানে শুধু লোকেশন নয়; বরং স্মৃতি, আকাঙ্ক্ষা ও মানসিক বিভ্রমের এক জীবন্ত মানচিত্র। এই শহর প্রশ্ন তোলে, কথা বলে, আবার সত্য আড়াল করেও রাখে।
‘মিথ্যে কথার শহরে’ অভিনয় করেছেন বাংলাদেশের জীবন রায় এবং ভারতের দীপান্বিতা ও অভিজিত রায়।


