স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার ঘটনায় নিন্দা প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ন্যক্কারজনক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উক্ত ঘটনায় জড়িতদের অতিদ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরী বাজার এলাকায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়। তার সঙ্গে থাকা আরও একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা, অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, সরাসরি গুলি করে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা এটাই প্রথম নয়; বরং গত কিছুদিন ধরেই আমরা একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি প্রত্যক্ষ করছি। বিশেষত, কিছুদিন আগেই যশোরে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ছাড়া, রাজধানীতে জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদিকেও গুলি করে হত্যা করা হয়েছে। জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সময়ে এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি অনাকাঙ্ক্ষিত ও অত্যন্ত উদ্বেগজনক বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মনে করে, এসব ঘটনার দায় কোনোভাবেই জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারে না; বরং এসব ঘটনা তাদের বিচারহীনতার সংস্কৃতি বজায় রাখারই বহিঃপ্রকাশ।
মনে রাখতে হবে, বহুল জনআকাঙ্ক্ষিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ভণ্ডুল করতে পতিত ফ্যাসিস্টরা সদা তৎপর। তারা দেশকে অস্থিতিশীল করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব ঘটনা তারই ধারাবাহিকতা।
তাই এসব অপচেষ্টা প্রতিহত করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছে এবং একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে অন্তর্বর্তী সরকারকেও আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।


