বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্য ‘শহীদদের কবর জিয়ারত, এখানে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার সকালে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ‘এটা তারেক রহমানের উত্তরবঙ্গ সফর। অনেক হয়ত একে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছে। কিন্তু ২০২৪ সালের ছাত্র গণঅভ্যুত্থানে শহীদদের যথাযথভাবে শ্রদ্ধা নিবেদন করা আমাদের জাতীয় দায়িত্ব। তার জন্যই তার(তারেক রহমান) যাওয়া। এখানে নির্বাচনী আচরণবিধির কোনো বিষয় নেই।’
সালাহউদ্দিন সবাইকে অনুরোধ জানান, ‘ছাত্র গণঅভ্যুত্থানের মর্যাদাকে আমরা যেন প্রশ্নবিদ্ধ না করি। শহীদদের আত্মত্যাগ যেন জাতীয় পর্যায়ে আরো মহিমান্বিত করি। দেশের সবচেয়ে মেজর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে তিনি যদি শহীদদের কবর জিয়ারত করেন এবং সেখানে পুষ্পমালা অর্পণ করেন, শ্রদ্ধা নিবেদন করেন। সেটা এই অভ্যুত্থানকে ধারণ করা হবে।’
১১ জানুয়ারি তারেক রহমান ঢাকা থেকে সড়ক পথে বগুড়া যাবেন। তিনি রংপুরে ২৪ এর ছাত্র গণঅভ্যুত্থানের নিহত আবু সাঈদসহ অন্যান্যদের কবর জিয়ারত করবেন।
বিদ্রোহীদের বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা ইতিমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি এবং আমরা তাদেরকে ডেকে বোঝানোর চেষ্টা করছি। বৃহত্তর স্বার্থে, আসন সমঝোতার স্বার্থে এবং সংসদে বহুদলীয় প্রতিনিধিত্ব থাকার স্বার্থে আমরা অনেক যোগ্য প্রার্থীকে বঞ্চিত করেছি। সুতরাং তাদের মনব্যথা আছে। আমরা কিছু কিছু ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি আর কিছু কিছু ক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করব।’
সব দলই এখন নির্বাচনের ব্যাপারে আন্তরিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং রাজনৈতিক দলগুলোর আন্তরিকতায় আমরা নির্বাচনী বৈতরণী খুব সহজভাবে পার করতে পারব। সবার অনেক দাবি থাকলেও নির্বাচনের জন্য সবাই প্রতিশ্রুতিবদ্ধ।’


