শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে’ ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোববার সকাল থেকে তাদের স্মরণে রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাড়তে থাকে নানা বয়সী মানুষের ভিড়।
সকাল ৭টা ০৩ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দেন। পরে ৭টা ২২ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
শুধু তাই নয়, সারা দেশের বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে-

মেহেরপুর:
মেহেরপুরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাত এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপী ইবনে সাজ্জাদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল কবীর প্রমুখ।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবিক) নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- চুয়াডাঙ্গা পুলিশ সুপার মনিরুল ইসলাম, বীরপ্রতিক সাইদুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার প্রমুখ।
আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যশোর:
যথাযোগ্য মর্যাদায় যশোরে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। যশোরের রায়পাড়া শংকরপুর বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দেওয়ার মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেন নানা বয়সী মানুষ।
এ দিন সকাল সাড়ে ৮টায় শহীদদের স্মরণে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা বধ্যভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে শপথ বাক্য পাঠ করে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।

বরিশাল:
বরিশালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সকাল ১০টায় শ্রদ্ধা নিবেদন করেন- বরিশালের বিভাগীয় কমিশনার মাহফুজুল রহমান, জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শদ আলম, পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ মুক্তিযোদ্ধা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। এ ছাড়া শ্রদ্ধা জানান- বরিশাল বিশ্ববিদ্যালয়, বিএম কলেজ সহ অনান্য কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির দীর্ঘ মুক্তিসংগ্রামে যে বুদ্ধিজীবীরা নিজেদের মেধা, মনন ও লেখনীর মাধ্যমে স্বাধীনতার সংগঠকদের প্রেরণা জুগিয়েছেন, আগামীতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে তাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই দিবসটি যাতে আগামী প্রজন্ম পালন করে এ জন্য কাজ করতে হবে।
এ দিন, দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ দিন। বাংলাদেশকে মেধাশুণ্য করার জন্য বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। অনেকে বিভিন্নভাবে বিরোধ সৃষ্টি করতে চায়। আমাদের ঐক্য হলো ১৯৭১, ১৯৯০ ও ২০২৪ এর আগস্ট। তবে, কেউ ষড়যন্ত্র করে গণতন্ত্র বন্ধ করার চেষ্টা করতে পারবে না। দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের মাধ্যমে দেশ চলতে থাকবে।’

কুমিল্লা:
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এর আগে শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্র চালায়। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল প্রমুখ।

নেত্রকোনা:
নেত্রকোনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়।
সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।
পরে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামান প্রমুখ।

সাতক্ষীরা:
সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। পরে জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু একটি আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
এদিকে, জেলার তালা, কলারোয়া, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জসহ জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পালন করা হয়েছে।

রংপুর:
রংপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ১০টায় টাউন হল চত্বরে বদ্ধভূমিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনার, ডিসি, এসপি, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং জুলাই যোদ্ধারা।
পরে শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।
আলোচনা সভা শেষে শহীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভিসি ড. এম শওকত আলী।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়:
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো’ আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে একটি শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয়। পরে এক মিনিট নিরবতা পালন, দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত), হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।


