ঈদুল ফিতরকে কেন্দ্র করে শিহাব শাহীন বানিয়েছেন ‘ক্যাকটাস’। সিরিজটির শুটিং শেষ হয়েছে ইতোমধ্যে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রীতম হাসান ও মেহজাবীন। বুধবার (৪ মার্চ) এর টিজার প্রকাশিত হয়েছে। এটি নির্মিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য।
সিরিজটিতে প্রীতমকে দেখা যাবে ‘মানসিভ’ নামের এক হ্যাকারের চরিত্রে। টিজারে তাকে কয়েদি হিসেবেও দেখা গেছে—যিনি সাইবার জগতে ভয়ংকর প্রতিভাবান একজন। তবে বিশেষ এক পরিস্থিতিতে কারাগার থেকেই তাকে আবারও নামতে হয় হ্যাকিংয়ের ময়দানে। সরকারের সহায়তায়, রাষ্ট্রীয় এক সংকট মোকাবিলায় তার মেধা হয়ে ওঠে সবচেয়ে বড় অস্ত্র।
অভিনীত চরিত্র নিয়ে প্রীতম হাসান বলেন, ‘চরিত্রটা নিয়ে বেশি বলতে চাই না। তবে এটা ঠিক যে চরিত্রটির একটা জার্নি আছে। আমার সঙ্গে আশা করি দর্শকরাও সেই জার্নিতে শামিল হবেন। মানিসভ হ্যাকার হলেও তার কাজের একটা উদ্দেশ্য থাকে।’
এই অভিযানে মানসিভের দেখা হয় ‘অনুরা’র সঙ্গে। এ চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। টিজারে মেহজাবীনকে দেখা গেছে নতুন অবতারে—অ্যাকশন লুকে এবং অ্যাকশন দৃশ্যে। তিনি বলেন, ‘আমার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং। অনেক নতুন কিছু শেখার সুযোগ দিয়েছে, যার মধ্যে অন্যতম হলো অ্যাকশন। এর আগে আমি এই লেভেলের অ্যাকশন করিনি। অ্যাকশন ডিরেক্টর মি. এডওয়ার্ড এবং তার টিম অসাধারণ ছিল। স্ক্রিপ্ট প্রথম শুনেই এই দিকটা আমাকে অনুপ্রাণিত করেছে, সত্যি বলতে খুব আকর্ষণীয় লেগেছিল।’
‘ক্যাকটাস’ -এ প্রযুক্তি, থ্রিল ও অ্যাকশনের মিশেলে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা উপহার দেওয়ার ইঙ্গিত মিলেছে টিজারে। নির্মাতা বলেন, ‘টিজার দেখে দর্শকরা হয়তো বুঝতে পারছেন যে, এবারের শুটিং সাধারণ না, বেশ চ্যালেঞ্জিং। এর চেয়েও বেশি চ্যালেঞ্জিং এর গল্প। টিজারে যতটা ধারণা পাওয়া যায়, গল্পের পরিসর তার চেয়েও অনেক বড়।’
সিরিজটির গল্প লিখেছেন শিহাব শাহীন, আল-আমীন-হাসান নির্ঝর, আদর রহমান, আসাদুজ্জামান আবীর, রেজওয়ান কবির। চিত্রনাট্য করেছেন শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন মুনীরা ইউসুফ মেমী, মানষ বন্দোপাধ্যায়, নাজিবা বাশার, সালাউদ্দিন লাভলু, শাহদাত হোসেন, আরিফিন জিলানী, জাহিদুল হক অপু, সানজিদা তাসনীম।


