ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধিতে ফ্রান্সের সাহায্য চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে দেখা করতে এলে ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে ফায়ার সার্ভিসের আধুনিক সক্ষমতা বৃদ্ধি, ভূমিকম্প পরিস্থিতিতে প্রস্তুতি ও সচেতনতা, জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও গুজব প্রতিরোধ, ডিপ্লোমেটিক জোনে নিরাপত্তা, আগুন দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা ইস্যু নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ ও ফ্রান্স দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ, ভবিষ্যতে এ সম্পর্ক আরও জোরদার হবে।’
ভূমিকম্প পরিস্থিতি নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নে তিনি জানান, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, উন্মুক্ত স্থান বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ফায়ার সার্ভিসের সক্ষমতা উন্নয়নে সরকার কাজ করছে। এ খাতে ফ্রান্সের উন্নত সরঞ্জাম, প্রশিক্ষণ এবং কারিগরি সহায়তা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, ‘আগুন দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বাড়াতেও ফ্রান্সের সহযোগিতা প্রয়োজন। জবাবে রাষ্ট্রদূত প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন এবং প্রস্তাবটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানোর অনুরোধ করেন।
জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বাচনসংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং নির্বাচনকে ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’
তিনি জানান, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রদূত বলেন, ‘নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক প্রস্তাব পেলে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নে উপদেষ্টা বলেন, ‘দেশে-বিদেশে গুজব ছড়ানোর চেষ্টা চলছে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সমন্বিতভাবে গুজব প্রতিরোধে কাজ করছে।’
রাষ্ট্রদূত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো সহজ হলেও তা নিয়ন্ত্রণ করা কঠিন।’
ফ্রান্স দূতাবাসে অতিরিক্ত নিরাপত্তার অনুরোধে উপদেষ্টা জানান, ডিপ্লোমেটিক জোনে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সব দূতাবাসকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান ও ফ্রান্স দূতাবাসের উপ-মিশনপ্রধান ফ্রেডেরিক ইনজা উপস্থিত ছিলেন।


