ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় রেশমা বেগম (২৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা থানার কোমরপুর গ্রামের আব্দুর সাত্তার গাজীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রাইভেটকার ফরিদপুর থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মালেকা চক্ষু হাসপাতালের গেটের বাউন্ডারি ওয়ালে সজোরে আঘাত করে। এতে গাড়িতে থাকা রেশমা বেগম গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত রেশমা বেগমকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি থানার হেফাজতে নেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


