নারায়ণগঞ্জের ফতুল্লায় লাইনের লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে পাঁচজন দগ্ধের ঘটনায় গৃহকর্তা কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার বেলা ১১টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন সেখানকার আবাসিক সার্জন শাওন বিন রহমান।
তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে, রোববার সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
এতে দগ্ধ হন, সবজি বিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা, তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নি (৭) ও কথা (৪)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী মো. হাসান জানান, সকাল ৭টার দিকে সেই বাসায় হঠাৎ বিস্ফোরণ হয়। শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে দেখেন, ঘরের ভেতর আগুন জ্বলছে। তখন ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় বার্ন ইনস্টিটিউটে।
চিকিৎসকরা জানান, কালামের স্ত্রী সায়মার শরীরের ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।


