দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির তিন নেতার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থি অনৈতিক কার্যকলাপের জন্য চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন এবং সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের সদস্যসচিব কোরবান আলী সাহেদের প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি ঘোষিত প্রার্থী কাজী সালাহউদ্দিনকে বাদ দিয়ে লায়ন আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়ার দাবিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সীতাকুণ্ডে প্রার্থী পরিবর্তন করা না হলে লাগাতার কর্মসূচি পালন করা হবে বলেও হুমকি দেয় আসলাম চৌধুরীর সমর্থকরা।
এর আগে ৩ নভেম্বর ২৩৭ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রামে ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করা হয়। বাকি ছয়টি আসনে পরে প্রার্থী ঘোষণা করা হবে বলে জানানো হয়। এর মধ্যে সীতাকুণ্ডে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয় কাজী সালাহউদ্দিনকে। এরপর থেকে ক্ষুব্ধ আসলাম চৌধুরীর সমর্থকরা সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন।
উত্তর জেলা বিএনপির একাধিক নেতা মনে করছেন, ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই এই তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।


