নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসার লাইনের লিকেজ থেকে জমা গ্যাস বিস্ফোরণে দগ্ধ এক পরিবারের ৫ জনের মধ্যে আরও ২ ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় বাবাসহ মোট ৪ জনের মৃত্যু হলো। এখনও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাদের মা সালমা আক্তার।
সবশেষ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার মুন্না (১২) আর দুপুর ১টার দিকে মারা যায় মুন্নি (৭)। এরআগে, বুধবার তাদের বোন কথা (৪) ও সোমবার আহত অবস্থায় মারা যান বাবা আবুল কালাম (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান এতথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘মুন্নার শ্বাসনালীসহ শরীরের ৪০ শতাংশ ও মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের মা সালমা আক্তার ৬০ শতাংশ দগ্ধ নিয়ে এখনও ভর্তি আছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।’
গত ১০ মে সকাল ৭টার দিকে ফতুল্লা গিরিধারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন, সবজি বিক্রেতা মো. আবুল কালাম (৩৫), তার স্ত্রী সালমা আক্তার (৩২)। তাদের ছেলে মুন্না (১২), দুই মেয়ে কথা (৪) ও মুন্নি (৭)।


