ফটিকছড়িতে দগ্ধ পেট্রল পাম্প ব্যবস্থাপকের মৃত্যু

ফটিকছড়িতে দগ্ধ পেট্রল পাম্প ব্যবস্থাপকের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়িতে মোটরসাইকেলে তেল ঢালতে গিয়ে আগুনে দগ্ধ হওয়া পেট্রল পাম্পের সহকারী ব্যবস্থাপক মনোতোষ নাথ (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার বিকালে তার মৃত্যু হয়।

নিহত মনোতোষ নাথ নাজিরহাট পৌরসভার ইমামনগর গ্রামের হরিমোহন নাথের ছেলে। তিনি গত ২০ বছর ধরে নাজিরহাট ঝংকার এলাকার ‘মেসার্স জনতা অয়েল কোম্পানি লিমিটেডে’ সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাতে বিদ্যুৎহীন অবস্থায় অন্ধকারে বাতির আলোয় নিজের মোটরসাইকেলে তেল ঢালছিলেন মনোতোষ। এ সময় অসাবধানতাবশত আগুন ধরে গেলে তিনি গুরুতর দগ্ধ হন। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঘটনার বিষয়ে স্থানীয় কিছু বাসিন্দার দাবি, মনোতোষ পাম্প থেকে তেল এনে বাড়িতে মজুত করে বেশি দামে বিক্রি করতেন এবং ওই কাজ করতে গিয়েই দুর্ঘটনার শিকার হন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পাম্পের ব্যবস্থাপক মো. তৌহিদুল আলম। তিনি জানান, চোরাইভাবে তেল নেওয়ার কোনো সুযোগ নেই। ব্যক্তিগত প্রয়োজনে সামান্য তেল নিতে গিয়ে হয়তো দুর্ঘটনাটি ঘটেছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ সৎকারের অনুমতি চাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad