কুয়েত, মালয়েশিয়া ও লিবিয়ায় স্বাভাবিক মৃত্যুবরণকারী ৩৪ জন বাংলাদেশি প্রবাসীর মরদেহ পৃথক ফ্লাইটে দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে মরদেহগুলো দীর্ঘদিন সংশ্লিষ্ট দেশগুলোতে আটকে ছিল।
শনিবার দেশে পৌঁছানো মরদেহের মধ্যে কুয়েত থেকে ৩০ জন (ফ্লাইট নং: কেইউ-৫২৮৩), মালয়েশিয়া থেকে দুইজন (ফ্লাইট নং: বিএস-৩১৬) এবং লিবিয়া থেকে দুইজন (ফ্লাইট নং: কিইউআর-৬৪০) প্রবাসী রয়েছেন।

মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের সময় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফন ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বাবদ প্রতিটি পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া মৃত প্রবাসীদের পরিবার অন্য কোনো আর্থিক সুবিধা বা বিমার পাওনা পাওয়ার যোগ্য হলে তা দ্রুততম সময়ে প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রতিনিধিদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়ায় স্বজনদের নিকট মরদেহগুলো হস্তান্তর করা হয়।


