ফটিকছড়িতে ইটভাটার গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু

ফটিকছড়িতে ইটভাটার গর্তে পড়ে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইটভাটার জন্য মাটি কাটার ফলে সৃষ্ট গভীর গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার সকালে ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো হাবিবুর রহমানের ৯ বছর বয়সী মেয়ে সাকি আক্তার এবং জাকির হোসেনের ১০ বছর বয়সী মেয়ে সানজিদা আক্তার। তারা দুজনই ভূজপুর আল মাহাদুল ইসলাম বালক-বালিকা মাদ্রাসার নূরানী বিভাগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রতিদিনের মতো ভোরে মাদ্রাসায় গিয়েছিল দুই শিশু। পরে ফেরার পথে খেলতে গিয়ে অসাবধানতাবশত ইটভাটার জন্য খনন করা একটি গভীর গর্তে পড়ে যায় তারা।

আরও পড়ুন

পথচারীরা বিষয়টি দেখে দ্রুত তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, ইটভাটার জন্য অপরিকল্পিতভাবে মাটি কাটার কারণে এলাকায় অসংখ্য গভীর গর্ত তৈরি হয়েছে, যা দীর্ঘদিন ধরে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব গর্তে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলেও তারা জানান।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চাওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ইটভাটার মালিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad