বাংলাদেশ ও কাতারের সশস্ত্র বাহিনীর মধ্যে জনবল নিয়োগ সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। এর ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা দেশটির সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন।
রোববার কাতারের দোহায় ‘বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে জনবল নিয়োগ’ সংক্রান্ত এই চুক্তি সই হয়।
এতে বাংলাদেশের পক্ষে সই করেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান। কাতারের পক্ষে ছিলেন দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) জাসিম বিন মোহাম্মদ আল মান্নাই।
অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান, প্রতিনিধি দলের সদস্য এবং দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই উক্ত চুক্তি সইয়ের ফলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা কাতার সশস্ত্র বাহিনীতে প্রেষণে নিয়োজিত হওয়ার সুযোগ পাবেন। এর ফলে প্রাথমিকভাবে অন্তত ৮০০ জনকে কাতারে পাঠানো হবে। ভবিষ্যতে এ সংখ্যা বাড়তে পারে।
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী তিন বছরের জন্য কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশিরা, এরপর তাদের কর্মদক্ষতা সন্তোষজনক হওয়া সাপেক্ষে মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়তে পারে।


