আসন্ন নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হামিদুর রহমান আযাদ আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট–২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত শুনানিতে তার আপিল গ্রহণ করা হয়। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মনোনয়ন ফিরে পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আলহামদুলিল্লাহ, এই রায়ের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় মহেশখালী–কুতুবদিয়ার মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।’
এর আগে গত ২ জানুয়ারি কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় মামলা-সংক্রান্ত জটিলতার কথা উল্লেখ করে প্রথমে তার মনোনয়ন স্থগিত রাখা হয়। পরে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান আনুষ্ঠানিকভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।
ওই দিন রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ অভিযোগ করে বলেন, ‘ফ্যাসিবাদী আমলের সাজানো ও মিথ্যা মামলার অজুহাতে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, যা সম্পূর্ণ অন্যায়। আমার হলফনামায় ঋণখেলাপি, কর ফাঁকি কিংবা রাষ্ট্রীয় কোনো আর্থিক অনিয়মের অভিযোগ নেই। তবুও ২০১৩ সালের আদালত অবমাননার একটি মামলাকে সামনে এনে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মনোনয়ন বাতিল করা হয়।’
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে তিনি কক্সবাজার-২ (মহেশখালী–কুতুবদিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।


