ঢাকা-৯ আসনে (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। শনিবার সকালে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
ফেসবুকে দেওয়া এক পোস্টে শুনানির পর আপিল মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা। তিনি লেখেন, ‘মনোনয়ন বৈধ। আসন্ন নির্বাচনে ঢাকা-৯ আসনে জনগণের সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছি।’
এর আগে গত ৩ জানুয়ারি জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়ন বাতিল করার পর ৫ জানুয়ারি তিনি রায়ের বিরুদ্ধে আপিল করেন।
সে সময় মনোনয়ন বাতিলের কারণ জানিয়ে তিনি বলেছিলেন, বিধি অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়। সেখান থেকে দৈবচয়নের মাধ্যমে ১০জন ভোটারের তথ্য যাচাই করে ইসি আটজনের সত্যতা পেয়েছে। বাকি দুইজন ভোটারের সত্যতা পেয়েছেন কিন্তু তারা ঢাকা-৯ আসনের ভোটার না। তাদের ভোটার নম্বর আগে থেকে জানার কোনো সুযোগ কমিশন রাখেনি।
প্রার্থিতা বৈধ হওয়ার পর এনসিপির এই সাবেক নেত্রী নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নির্বাচন কমিশনে আমাদের আপিল মঞ্জুর হয়েছে। ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি মনোনয়নপত্র দিয়েছিলাম, সেটি বৈধ ঘোষণা করা হয়েছে।’
মনোনয়ন অবৈধ ঘোষণার পর থেকে আপিল পর্যন্ত সময়কে ‘অন্যরকম অভিজ্ঞতা’ উল্লেখ করে তিনি বলেন, ‘গত এক সপ্তাহে আসলে অন্যরকম অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। দেশে-বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন। রাস্তায় মানুষের সঙ্গে কথা বলার সময় অনেকেই হতাশা প্রকাশ করেছেন, কষ্ট পেয়েছেন। আমার লড়াইয়ে পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কার জন্য আবেদন করবেন বলেও জানান তাসনিম জারা।
গত ২৯ ডিসেম্বর খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষরসহ ইসিতে মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে এনসিপি জোট করায় সেই বিতর্কের জেরে গত ২৭ ডিসেম্বর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব পদ থেকে তিনি সরে দাঁড়ান।


