রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্টোর রুমে আগুন দেওয়ার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আসমাউল ইসলাম (৩০), মো. জিন্নাত আলী বিশ্বাস (৫৫) ও মো. হুমায়ুন কবির খান (৫৯)।
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকা থেকে প্রথমে আসমাউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। আসমাউল অধিদপ্তরের একজন পরিচ্ছন্নকর্মী। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্টোর রুমে নিজে আগুন লাগানোর কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৪টার দিকে অধিদপ্তর প্রাঙ্গণ থেকে জিন্নাত আলী ও হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়।
মিরপুর মডেল থানা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাত আনুমানিক ২টা থেকে সাড়ে ৪টার মধ্যে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অধিদপ্তরের দ্বিতীয় তলার স্টোর রুমে আগুন দেয়। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়।
পুলিশ জানিয়েছে, স্টোর রুমে থাকা মোট ৭৩৫টি ল্যাপটপের মধ্যে ৪৫০টি অক্ষত রয়েছে। তবে আগুনে ১৪০টি ল্যাপটপ সম্পূর্ণ পুড়ে গেছে, ২৯টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং ৩৩টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া, ৮৩টি ল্যাপটপ খুঁজে পাওয়া যায়নি।
গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


