প্রাথমিকের বার্ষিক পরীক্ষা চলাকালে কর্মবিরতি কারণে চার শিক্ষক নেতাকে ‘শোকজ’ করার প্রতিবাদে এবার বিদ্যালয়ে ‘তালা’ ঝুলানোর কর্মসূচি ঘোষণা করেছে সহকারী শিক্ষকদের সংগঠন ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’।
মঙ্গলবার এ বিষয়ে সংগঠনের অন্যতম আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ টাইমস অব বাংলাদেশকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সহকারী শিক্ষকদের তিন দাবি বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় থেকে প্রতিশ্রুতি দেওয়ার পর ২২ দিন পেরিয়ে গেছে। কিন্তু দাবি পূরণের কোনো অগ্রগতি না হওয়ায় শিক্ষকদের পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া দাবি পূরণের জন্য কর্ম বিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করায় শিক্ষক নেতাদের ‘শোকজ’ করার প্রতিবাদে বুধবার সকাল ১১টায় দেশের সব উপজেলা শিক্ষা অফিসের সামনে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর পক্ষ থেকে।
সংগঠনটির বিবৃতিতে বলা হয়, শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরার সুযোগ দেওয়ার বুধবার বিকাল ৪টায় সব জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবেন শিক্ষকরা।
শিক্ষক অফিস থেকে কারণ দর্শানো নোটিশ পাওয়া শিক্ষক নেতারা হলেন- ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর আহ্বায়ক মো. আবুল কাসেম, মোহাম্মদ শামছুদ্দিন মাসুদ, খাইরুন নাহার লিপি, মু মাহবুবুর রহমান এবং ২০২৩ ও ২০২৫ ব্যাচের কয়েকজন শিক্ষক প্রতিনিধি।
মূলত, সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ম ও ১৬তম বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির নিশ্চয়তা এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছেন শিক্ষকরা।


